
দুপুরের হঠাৎ বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক এলাকার রাস্তা কার্যত জলের তলায়। বালিগঞ্জ ফাঁড়ি, গল্ফগ্রিন, কসবা, বেহালা থেকে উত্তর কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া জলযন্ত্রণার ছবি সর্বত্র। আবহাওয়া সূত্রে খবর নিম্নচাপের প্রভাব কাটলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে রাজ্যে।
এর জেরেই মাঝে মাঝে প্রবল বর্ষণ হচ্ছে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমলেও আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরে বুধবার থেকে ফের বৃষ্টির স্পেল শুরু হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের ২১ জুলাই সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বষ্টির সতর্কতা থাকছে। এরইমধ্যে পানিহাটিতে বাড়ি ভেঙে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এমএন চ্যাটার্জি রোডের ওই বাড়িটি অন্তত দেড়শ থেকে ২০০ বছরের পুরনো। ওই বাড়িতে মৃত বছর ৬৯-র দেবকুমার শ্রীমান এবং তিন শরিক থাকতেন। টানা বৃষ্টিতে আরও বেহাল হয়ে পড়ে বাড়িটি। জরাজীর্ণ বাড়ি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার কথা বললেও বাসিন্দারা রাজি হয়নি বলে দাবি কাউন্সিলরের।
