
টেক্সাসের পর এ বার নিউ ইয়র্ক সিটি এবং উত্তর নিউ জার্সিতে আচমকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউ জার্সির গর্ভনর ফিল মারফি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধও করেছেন তিনি।
উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিকের কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এর পরেই গভর্নর ফিল মারফি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে এক্স পোস্টে লিখেছেন, রাজ্যের কিছু এলাকায় আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টির কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দয়া করে সকলে ঘরে থাকুন এবং ভ্রমণ এড়িয়ে চলুন। নিরাপদে থাকুন। ম্যানহাটনের চেলসি এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ১.৪৭ ইঞ্চি রেকর্ড বৃষ্টি হয়েছে।
অন্য দিকে, স্টেটেন আইল্যান্ডে ১.৬৭ ইঞ্চি বৃষ্টি হয়েছে। এনবিসির একটি প্রতিবেদন অনুসারে, গভীর রাতে সেখানে আরও বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছিল। কর্তৃপক্ষ বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নজর রেখেছে। সেই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকাতে বলা হয়েছে।
