হেলিকপ্টার থেকে ফুল,বছরপূর্তি তালেবানের

0
79
ছবি সৌজন্যে : এক্স

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ তাদের ক্ষমতা দখলের চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে। রাশিয়ার কাছ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় তারা আশাবাদী, অন্যান্য দেশও একই পথে এগোবে। জানা গেছে রাজধানী কাবুলের কেন্দ্রীয় অংশসহ একাধিক শহরে শোভাযাত্রার পরিকল্পনা করা হয়।

হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে দেওয়া ও তালেবানের ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সাদা-কালো পতাকা ওড়ানোর মাধ্যমে ২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী দখলের দিনটি স্মরণ করা হয়।এর আগে তালেবান সদস্যরা তাদের ২০ বছরের বিদ্রোহী লড়াইয়ের প্রধান প্রতিপক্ষের কেন্দ্র,বন্ধ হয়ে যাওয়া আমেরিকার দূতাবাসের কাছে পতাকা উড়িয়ে ও আতশবাজি জালিয়ে সমবেত হন।তবে গত বছর যেই বাগরাম বিমানঘাঁটিতে ব্যাপক আয়োজনের মাধ্যমে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হলেও, তা এ বছর কোনো প্রকাশ্য ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে।তাদের কঠোর ইসলামি আইন প্রয়োগের ব্যাখ্যা অনুযায়ী, বিশেষত মহিলাদের ওপর আরোপিত সীমাবদ্ধতার কারণে তালেবান সরকার এখনো আন্তর্জাতিক অঙ্গনে মূলত বিচ্ছিন্ন।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত,আইসিসি জুলাইয়ে নারীদের ও কন্যাশিশুদের ওপর নির্যাতনের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে দু’জন শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।ওদিকে আফগান মহিলাদের অধিকাংশ শিক্ষা ও চাকরি, পাশাপাশি পার্ক, জিম ও পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।তবে চলতি জুলাইয়ের শুরুর দিকে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে তাদের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য এনে দেয়।