
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চার বছরের চুক্তির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন ফিল ফোডেন। ২৫ বছর বয়সী ফুটবলারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা।
তবে, নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন তিনি। আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে চেনা ফর্মে নেই ফোডেন। গত ১৪ ডিসেম্বরের পর কোনো গোল করতে পারেননি তিনি। তা সত্ত্বেও দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে ম্যানচেস্টার সিটি।এর আগে এভারটনের বিপক্ষে ৬ গোলের নাটকীয় ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।এই ম্যাচের পর ম্যানচেস্টার সিটি লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে সিটির হাতে একটি ম্যাচ বেশি আছে।আসন্ন বিশ্বকাপে থমাস টুখেলের ইংল্যান্ড স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন ফোডেন। যদিও গত মাসে কোচ টুখেল জানিয়েছিলেন, স্কোয়াডে ফোডেনের জায়গা নিশ্চিত নয়। অথচ টুর্নামেন্টের আগের শেষ ক্যাম্পের দুটি ম্যাচেই একমাত্র খেলোয়াড় হিসেবে শুরু থেকে খেলেছিলেন তিনি।
মাত্র ১৭ বছর বয়সে পেপ গার্দিওলার অধীনে সিটির মূল দলে অভিষেক হওয়া ফোডেন এখন পর্যন্ত ৩৬৫টি ম্যাচ খেলেছেন। জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ বহু ট্রফি।







