
গোলের স্বাদ যেন ভুলে যেতেই বসেছিলেন ফিল ফোডেন। তবে বিরতি কাটিয়ে মাঠে ফিরে জালের দেখা পেলেন তিনি দ্রুতই। ম্যাচজুড়ে দেখালেন চেনা ঝলক। নিজের পারফরম্যান্স ও দলের জয়ে তৃপ্ত ম্যানচেস্টার সিটি তারকা ম্যাচের পর বলেছেন, নিজের ভেতর আবার ক্ষিদে অনুভব করছেন তিনি, ভুল প্রমাণ করতে চান সংশয়বাদীদের।
ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির প্রথম ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেছেন ফোডেন। জানুয়ারির পর এটি তার প্রথম গোল। ক্লাব ও দেশের হয়ে গোলের দেখা পেলেন ২০ ম্যাচ পর।পরে প্রথমার্ধেই গোল করেন জেরেমি ডোকু। ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসিকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।জয়ের শুরুর পাশাপাশি সিটির জন্য বড় স্বস্তি ছিল ফোডেনের পারফরম্যান্স। ২০২৩-২৪ সিজনে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার।ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন সেবার।কিন্তু এই সিজনটা তার কেটেছে ভুলে যাওয়ার মতো। অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিলেন লম্বা সময়। যখন খেলেছেন, মাঠে তাকে মনে হয়েছে ক্লান্ত ও অবসন্ন।গত মাসে তিনি স্বীকার করেন, মাঠের ভেতরে-বাইরে অনেক কিছু মিলিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছেন। এই মাসে জাতীয় দলের খেলা থেকেও নিজেকে সরিয়ে নেন শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে।বিরতির সময়টায় নিজেকে চাঙা করে তুলেছেন তিনি।
মাঠে ফিরে পারফরম্যান্সেই ফুটিয়ে তুলেছেন তা। ম্যাচের পর তা শোনা গিয়েছে তার কণ্ঠেও।একইসঙ্গে,অ্যান্ডোরা ও সেনেগালের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের স্কোয়াড থেকে ছাড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার।ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব আল-আইনের বিপক্ষে সোমবার।







