পুণেতে ডেলিভারি কর্মীকে ধাক্কা মত্ত অডি-চালকের 

0
165
পোর্শেকাণ্ডের পর ফের মহারাষ্ট্রের পুণেতে ডেলিভারি কর্মীকে ধাক্কা মেরে মত্ত অডি-চালকের পালিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
গভীর রাতে পুণের মুন্ধওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ধাক্কার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ডেলিভারি কর্মীর। নিহত ব্যক্তির নাম রউফ আকবর শেখ। দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালান অডির চালক। পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পুণের একটি বেসরকারি সংস্থার কর্মী। দুর্ঘটনার সময় তিনি মত্ত ছিলেন বলে জানা গিয়েছে। ১৩ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন ধৃত।পুলিশের অতিরিক্ত কমিশনার মনোজ পাতিল জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সে সময় বাইক নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন ওই ডেলিভারি কর্মী। আচমকা একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এসে তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কায় গুরুতর চোট পান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই অডির ধাক্কায় একই সঙ্গে আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী। তবে তাঁরা সুস্থ রয়েছেন।
ছবি সৌজন্যে : নিজস্ব