খাবার পশুখাদ্য, ভাল নেই গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান

0
148
ছবি সৌজন্যে : এক্স

প্রায় বছর তিনেক ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান। দারফুরের আল ফাশার শহরের শেষ হাসপাতালটিতে এত দিনে ৩০ বারেরও বেশি বোমা হামলা হয়ে গিয়েছে। প্রতি দিন সেখানে সাহায্যের জন্য আসে অন্তত ৩০-৪০ জন অপুষ্টিতে ভোগা শিশু।

বেশির ভাগেরই রুগ্ন শরীরে ক’টা হাড় ছাড়া আর কিছু নেই। অথচ হাসপাতালেও সুষম খাদ্য অমিল। নিরুপায় চিকিৎসকেরাও। কারণ, এই মুহূর্তে পশুখাদ্য ছাড়া আর কিছুই খাওয়ার মতো বাকি নেই দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গৃহযুদ্ধের পর থেকে আফ্রিকার তৃতীয় বৃহত্তম এই দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ ঘরছাড়া। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের।

দেশ জুড়ে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। সুদানের যে সব এলাকায় এই গৃহযুদ্ধের প্রভাব সবচেয়ে প্রকট, তার একটি হল আল ফাশার। গত প্রায় ১৮ মাসেরও বেশি সময় ধরে দারফুরের পশ্চিমে অবস্থিত এই শহর ঘিরে রেখেছে আধাসামরিক বাহিনী। শহরে এমনিতেই খাদ্যসঙ্কট তীব্র। তার উপর বাইরে থেকে খাবার কিংবা ত্রাণও ঢোকার জো নেই।