
ভালো খেলেও সুইডেনের বিপক্ষে হার মানতেই পারছেন না রবের্ত লেভানদোভস্কি। বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছেন পোল্যান্ড অধিনায়ক।এর আগে প্লে অফ ফাইনালে ৩-২ গোলে হেরেছে পোল্যান্ড।
ভিক্তর ইয়োকেরেশের শেষ দিকের গোল ব্যবধান গড়ে দিয়েছে দু’ দলের মধ্যে।এতে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা হচ্ছে না পোল্যান্ডের। ম্যাচ শেষে ভেঙে পড়া এক লেভানদোভস্কিকে দেখা গিয়েছে। টিভিপির সঙ্গে আলাপচারিতায় তার কণ্ঠেও ছিল সেই সুর।বলেছেন,এমন ম্যাচের পর কোনো কিছু বলা কঠিন। কারণ, আমি জানি না আমার অনুভূতি ওই সব শব্দে উঠে আসবে কিনা। ফুটবল কখনও নিষ্ঠুর হতে পারে। আপনি ভালো খেলেও হেরে যেতে পারেন। আর এটাই সবচেয়ে বাজে অনুভূতি।উল্লেখ্য,দু’বার সমতা ফেরালেও তৃতীয়বারে আর পেরে উঠেনি পোল্যান্ড। নিজেদের নিংড়ে দেওয়ার পরও, এই হার মানতে পারছেন না লেভানদোভস্কি। বলেছেন, এটা বেদনাদায়ক, কারণ আমরা লক্ষ্যের কাছেই ছিলাম।
কিন্তু বাস্তবে আমরা শূন্য হাতে বাড়ি যাচ্ছি। এই মুহূর্তে আমার অনুভূতি কী, বলা কঠিন। তবে অবশ্যই অনেক বেদনা ও হতাশার। এটা খুব হতাশার, কারণ সুইডেন অনেক সুযোগ তৈরি করতে পারেনি। আমরা বেশি সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারা একটি গোল বেশি করল।
