ফুটবলারকে চুমু,সেই বোর্ড প্রধানকে শাস্তি

0
108
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মেয়েদের ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু খাওয়ায় যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস। তাকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা করেছে স্পেনের হাই কোর্ট। তবে বলপ্রয়োগের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। মামলায় ৪৭ বছর বয়সী রুবিয়ালেসের কারাদণ্ড চেয়েছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা।

রুবিয়ালেসের দাবি, চুম্বনে এরমোসোর সম্মতি ছিল। তবে খেলোয়াড় জেনিফার এরমোসো সবসময়ই তা অস্বীকার করেছেন। বলপ্রয়োগের অভিযোগ থেকে স্প্যানিশ ফেডারেশনের আরও তিন প্রাক্তন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।তারা হলেন মেয়েদের বিশ্বকাপ জেতানো কোচ হোর্হে ভিলদা, ছেলেদের দলের ক্রীড়া পরিচালক আলবার্ত লুকি, মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরা।এই রায়ে রুবিয়ালেসকে এরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে বারণ এবং তার সঙ্গে এক বছর যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ মাস ধরে প্রতিদিন ২০ ইউরো ধরে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সিডনিতে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই আলিঙ্গন করেন রুবিয়ালেস। গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের।তবে এরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি।