
ভারত সফরের গ্লিম্পসেস কলকাতাকে কার্যত এড়িয়ে গিয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কোনও রাজনীতিতে না গিয়েই লিওনেল মেসি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন দিল্লি, মুম্বই-হায়দরাবাদের টুকরো টুকরো স্মৃতির কোলাজ।
ভিডিয়োয় সকলের আগে থাকতে পারত যুবভারতী। কিন্তু তা হল না। ভারত সফরের একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিওনেল মেসি। সেখানে মুম্বই, হায়দরাবাদ, দিল্লি সব রাজ্যের অনুষ্ঠান জায়গা করে নিলেও জায়গা পায়নি শুধুমাত্র যুবভারতী। মেসি যে ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে কলকাতার একটি ঘটনাই শুধু রয়েছে। তা হল তাঁর মূর্তি উন্মোচন। পুরোটা জুড়ে হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির অনুষ্ঠান। রয়েছে হায়দরাবাদের মাঠে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে তাঁর ফুটবল খেলার ভিডিয়ো। ছোটদের সঙ্গে তাঁর ফুটবল খেলা, গ্যালারিতে বল পাঠানো, দর্শকদের দিকে হাত নাড়ার ভিডিয়োও রয়েছে। আবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর কথা বলার মুহূর্ত জায়গা পেয়েছে ভিডিয়োতে। সেখানেও ছোটদের সঙ্গে খেলা, দর্শকদের মাতানোর মুহূর্ত রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ছোট ছোট ঘটনাও মেসির ভিডিয়োতে রয়েছে। সব জায়গায় হাসিমুখে দেখা গিয়েছে মেসি, লুইস সুয়ারেজ ও রগ্রিগো ডি’পলকে। শুধু মাঠের মুহূর্ত নয়, মাঠের বাইরেও যে যে অনুষ্ঠানে মেসি যোগ দিয়েছিলেন তার মুহূর্তও রয়েছে ভিডিয়োতে।
মুম্বইয়ের ব্রেবোর্নে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডল কাপ-এ যোগ দেওয়ার মূহূর্ত বা সেখানে করিনা কপুর খানের সঙ্গে ছবি তোলার মুহূর্তও রয়েছে ভিডিয়োতে।শুধু ভিডিয়ো দিয়েই ক্ষান্ত থাকেননি মেসি, ভারত ও ভারতবাসীর উদ্দেশে বার্তাও দিয়েছেন। তাঁর ভারত সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন লিয়ো। মেসি বলেছেন, গত কয়েক দিন ধরে যে ভালবাসা পেয়েছেন তার জন্য সবার আগে ভারতকে ধন্যবাদ।








