
ফুটপাথ জবরদখল করে কাউকে বসে থাকতে দেওয়া হবে না। স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বলেছেন প্রাথমিকভাবে সরে যেতে, সরকার স্কিম নিয়ে আসবে। কলকাতা থেকে জেলা বুলডোজারের গুঁতোয় ভাঙছে একের পর এক অবৈধ স্ট্রাকচার। হকারদের রুটিরুজির প্রশ্নে এখন রাজ্যবাসী কার্যত দ্বিধাবিভক্ত। এই পরিস্থিতিতে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের। সেখানে দখল করে বসে থাকার অধিকার কারও নেই। যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে, কিংবা যে জমি জনগণের প্রয়োজনে ব্যবহার হয় না। সেখানে মানবিকভাবে দেখা হবে। কিন্তু তার মানে এই নয় কলকাতার বড় বড় রাস্তার পাশে ফুটপাথ দখল করে রাখবে। নিউ মার্কেটের মত কোথাও কোথাও পুরো রাস্তাই দখল হয়ে যাবে। সেটা হতে পারে না। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার পাবে।
মুষ্টিমেয় কোন ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থ দেখা হবে না। তিনি আরও বলেছেন হকাররা শ্রম দফতরের স্কিমের সুবিধে পাবেন।
