
বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বার্থে অগ্রাধিকার দিয়ে বিদেশনীতি তৈরি হবে। তারেক রহমানের এমনই স্পষ্ট করার দিনেই বিজয়ী বিএনপির চেয়ারম্যান-র শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে আমন্ত্রণ জানানো হবে বলে সংবাদমাধ্যম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিএনপি-র শীর্ষনেতা তথা তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির।
তবে সেই আমন্ত্রণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও তরফেই কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিএনপি-প্রধান বলেছেন, বিদেশনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। এই নীতি তৈরি হবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থের উপর। সেখানে সর্বদাই বাংলাদেশ এবং দেশের নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। সেই ভিত্তিতে বাংলাদেশের বিদেশনীতি ঠিক করবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই বিএনপি প্রধান তারেককে এক্স-এ শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
পরে ফোনে কথাও বলেন তাঁর সঙ্গে। সেই বিষয় উল্লেখ করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার ইঙ্গিত দিয়েছিলেন। সেই সম্পর্ককে আরও বিস্তৃত করতেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন হুমায়ুন।








