
যৌন হেনস্থার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন হাসনের প্রাক্তন সাংসদ তথা জনতা দল সেকুলারের নেতা প্রজ্বল রেভান্নার ভাই সুরজ রেভান্না। রবিবার সকালে সুরজ রেভান্নাকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ।
শনিবার হাসন জেলার হোলেনরাসিপুরা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জেডিএস দলেরই এক কর্মী।অভিযোগ, ১৬ জুন নিজের বাগানবাড়িতে ডেকে তাঁকে জোর করে চুম্বন করেন সুরজ রেভান্না।এমনকি, তাঁকে খুন করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন অভিযোগকারী। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে সুরজ রেভান্না গ্রেফতার করেছে পুলিশ। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা কর্নাটক বিধান পরিষদের জেডিএস সদস্য সুরজ রেভান্নার দাবি, অভিযোগকারী ৫ কোটি টাকা চেয়েছিলেন তাঁর কাছে। সেই টাকা না দেওয়ার কারণেই এই মিথ্যা অভিযোগ। উল্লেখ্য, শনিবারই সুরজ রেভান্না এবং তাঁর সহকারী শিবকুমার দাবি করেছিলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা যৌন নির্যাতনের অভিযোগ করবেন বলে দু’জন ব্যক্তি শাসাচ্ছেন।প্রসঙ্গত, একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে গত মাসে গ্রেফতার হয়েছেন প্রজ্বল রেভান্না।









