
দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের ঘটনায় নতুন করে তৎপর পুলিশ-প্রশাসন। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করেছে বিধাননগর পুলিশ।
বৃহস্পতিবার বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ, সাইবচার ক্রাইম এবং ফরেন্সিক দল নিউটাউনের ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। পুলিশের সন্দেহ এই বাড়িতেই স্বর্ণব্যবসায়ীকে খুন করা হয়েছে। গত বছরের ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালবাড় এলাকা থেকে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার করে পুলিশ। ৩১ অক্টোবর মৃতের পরিবারের তরফে খুন, অপহরণ, চুরির অভিযোগ দায়ের হয়। পুলিশে দায়ের করা অভিযোগে লেখা হয় ২৮ অক্টোবর দুটি গাড়িতে করে ৫-৬ জন ব্যক্তি সল্টলেকের দত্তাবাদে সোনার দোকানে গিয়েছিলেন। সেখান থেকে তুলে নিয়ে নিউটাউনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপরেই যাত্রাগাছির খালপাড় এলাকা থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যার দেহ। এই ঘটনায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মণের। তদন্তে ৫ জন গ্রেফতার হলেও বারাসত কোর্ট থেকে জামিন পান প্রশান্ত।
এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাইকোর্ট প্রশান্তকে আত্মসমর্পণ করতে বলে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রশান্ত। কিন্তু তারপরেও তিনি আত্মসমর্পণ করেননি।
