
চিকিৎসা গাফিলতির অভিযোগে মধ্যপ্রদেশের ভোপালে ব্লাড ক্যানসারে আক্রান্ত মাত্র তিন বছরের এক শিশুর শরীরে ওষুধের পরিবর্তে দেওয়া হল বিষাক্ত ফরমালিন। ঘটনার কয়েক মাস পর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা মিলতেই দুই নার্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
সাগর জেলার বাসিন্দা সার্থক যাদবকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংকটজনক অবস্থায় ভোপালের একটি শীর্ষ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছিল তার। পরিবারের দাবি, ১৭ ডিসেম্বর সকালে তার শিরায় লাগানো তরল ওষুধ প্রবাহের নল বন্ধ হয়ে যায়।
সেই সময় কর্তব্যরত এক নার্স একটি সিরিঞ্জে থাকা তরল পদার্থ ওষুধ ভেবে তরল ওষুধের বোতলে প্রবেশ করান। শিশুটির বাবা অভিযোগ করেছেন, সিরিঞ্জটির গায়ে একটি বিশেষ চিহ্ন ছিল এবং তিনি নার্সকে একাধিকবার সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর কথা গুরুত্ব দেওয়া হয়নি। সে অচেতন হয়ে পড়ে এবং আইসিইউ-তে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেদিন সকালেই তার মৃত্যু হয়।
