মদকাণ্ডে নাম জড়াল অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহনের

0
148
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
অন্ধ্রপ্রদেশের সাড়ে তিন হাজার কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির। আবগারি দুর্নীতির তদন্তে ৩০৫ পাতার চার্জশিট পেশ করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ।চার্জশিটে উল্লেখ রয়েছে ২০১৯-২০২৪ সালে ওয়াইএসআর কংগ্রেস পার্টি ক্ষমতায় থাকাকালীন জগন মোহন রেড্ডি প্রতি মাসে ৫০ থেকে ৬০ কোটি টাকা ভাগ পেতেন।
তবে, ওই চার্জশিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুরো নাম বলা হয়নি। এখনও ওই চার্জশিট আদালতে গ্রাহ্য হয়নি। চার্জশিটে অভিযোগ, শুধু জগন মোহনই নন, এই কারবারের সঙ্গে জড়িত ছিলেন আরও অনেক পরিচিত নামই। বেআইনি মদের কারবার থেকে ভাগের টাকা প্রথমে যেত রাজাশেখর রেড্ডির কাছে। তারপর একে একে বিজয় সাই রেড্ডি, মিঠুন রেডিউ, বালাজি রেড্ডির হাত ঘুরে টাকা পৌঁছত জগন মোহনের হাতে।
চার্জশিটে আরও অভিযোগ করা হয়েছে প্রাক্তন সাংসদ রাজাশেখর রেড্ডিও এই বেআইনি মদের কারবারের মূল চক্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আবগারি নীতি লঙ্ঘন করেছেন। স্বয়ংক্রিয় অর্ডার ফর সাপ্লাই ব্যবস্থার বদলে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করেছেন। রয়েছে স্বজনপোষণের অভিযোগও।