
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনে আদালতে দেওয়া চার্জশিটে নামই নেই পলাতক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের। অথচ এই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করতে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিল বিধাননগর পুলিশ।
বুধবার স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনে আদালতে যে চার্জশিট জমা দিয়েছে বিধাননগর পুলিশ, তাতে নামই নেই রায়গঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের। তাতেই জোর চর্চা শুরু হয়েছে। চার্জশিটে প্রশান্ত বর্মনকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালপাড় থেকে দেহ উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার। সেই ঘটনার ৯০ দিনের মাথায় চার্জশিট জমা পড়েছে। ওই চার্জশিটে প্রশান্ত বর্মণের সহযোগী তুফান থাপা, রাজু ঢালি, সজল সরকার, গোবিন্দ সহকার এবং বিবেকানন্দ সরকার এই ৫ জনের নামের উল্লেখ থাকলেও প্রশান্ত-র নাম নেই। খুনের ঘটনার পর বারাসত আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। হাইকোর্ট আগাম জামিনের নির্দেশ খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
কিন্তু হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। সেখানেও তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পর থেকে পলাতক রয়েছেন প্রশান্ত বর্মন। এরইমধ্যে রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করে প্রশাসন।








