
বাংলাদেশ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা পুলিশ। শেখ হাসিনার জমানায় বিভিন্ন ভাবে তিনি সুযোগসুবিধা পেয়েছেন বলে দাবি করা হয়। তাঁর বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে।
শেখ হাসিনার পতনের পরে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাঁকে। সেই প্রাক্তন বিচারপতি খায়রুল হককে এ বার আটক করেছে ঢাকা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাঁকে পাকড়াও করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মুহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, খায়রুল হক-কে আটক করা হয়েছে। তাঁকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা বিভাগের দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
