
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শৌচাগার পরিষ্কার করতে হবে পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে। তানখাইয়া, বা অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করে এমনই নির্দেশ দিয়েছে অকাল তখতে’র জাঠেদার।
সোমবার পাঁচজন সিং সাহেবানদেড় নিয়ে সুখবীর সিং বাদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৈঠক করেছেন জাঠেদার জ্ঞানী রঘবীর সিং। বৈঠকের পর জাঠেদার জ্ঞানী রঘবীর সিং জানিয়েছেন, সুখবীর সিং বাদল এবং তাঁর সঙ্গীদের এক ঘন্টার জন্য শৌচাগার পরিষ্কার করতে হবে। এরপর তাঁরা স্নান করে লঙ্গর ঘরে খাবার পরিবেশন করবেন। তারপর শ্রী সুখমনি সাহেব পাঠ করতে হবে। লঙ্গরে এক ঘন্টার জন্য বাসন ধুতে হবে। শ্রী দরবার সাহেবের বাইরে বসবেন সুখবীর সিং বাদল। তাঁকে তানখাইয়া ঘোষণা করে তাঁর গলায় একটি ফলক পরানো হবে।২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবের ক্ষমতায় ছিল অকালি দল। সুখবীর সিং বাদল ছিলেন ক্যাবিনেট মন্ত্রী। সেই সময় নেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য়ই এই শাস্তি দেওয়া হল তাঁকে। ওই সময়কালে, রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত প্রকাশ সিং বাদল।
তাঁকে এর আগে অকাল তখত ফখর-ই-কওম খেতাব দিয়েছিল। কিন্তু, তাঁর আমলেই ভুল সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল বলে, ওই খেতাবও প্রত্যাহার করল অকাল তখত। অকাল তখত জানিয়েছে, সেগুলি শুধু ভুল নয়, পাপ।







