
নেপালের রাজতন্ত্র-সমর্থক রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি-র প্রধান তথা সে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী কমল থাপার গ্রেফতারির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু রিং রোড সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কাঠমান্ডুর পুলিশের মুখপাত্র আপিল বোহরা জানিয়েছেন, নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন বালুওয়াতারের দিকে যাওয়ার চেষ্টা করায় কয়েক জন আরপিপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে নারায়ণচর এলাকায় টানা পঞ্চম দিন বিক্ষোভে হয়েছে রাজতন্ত্রপন্থীদের। নেপালে রাজতন্ত্র ও হিন্দুত্ব ফিরিয়ে আনার দাবিতে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলনে মূলধারার রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র আরপিপি যোগ দিয়েছে।
এই আন্দোলনের নেতৃত্বের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাই। মূলত তাঁরই নেতৃত্বে গত মার্চ থেকে ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে সিংহাসনে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। ক্রমশই তাতে সমর্থন বাড়ছে আমজনতার।
