
প্রাক্তন এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুটি মামলায় অভিযোগ গঠন করেছে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
কোমি আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন এফবিআই পরিচালক হিসাবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন। কোমি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে ছিলেন। তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা বিবৃতি দেওয়া এবং একটি বিচারপ্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ আনা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর। অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় কোমি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, তিনি নির্দোষ। ফেডারেল বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। আগামী ৯ অক্টোবর ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় আদালতে কোমির বিরুদ্ধে মামলার শুনানি রয়েছে।
