
কুকি-মেইতেই সংঘর্ষে হিংসাদীর্ণ মণিপুরের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে।
মণিপুরের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি আদিবাসী নেত্রী অনুসূয়া উইকে-কে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র আস্থাভাজন হিসেবে পরিচিত ভাল্লা গত অগাস্টে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অবসর নেন। তার আগে তিনি শাহ-র সঙ্গে মণিপুরে গিয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে এন বীরেন সিংয়ের কার্যকারিতা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে রাজভবনে একেবারে নিজের আস্থাভাজন ব্যক্তিকে নিয়োগ করেছ। মণিপুরের পাশের রাজ্য মিজোরামে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিংকে। মিজোরামের রাজ্যপালের পদ থেকে হরি বাবু কাম্ভামপতিকে সরিয়ে ওড়িশার রাজ্যপাল করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ওড়িশার রাজ্যপালের পদ থেকে রঘুবর দাস ইস্তফা দিয়েছেন।
কেরল থেকে আরিফ মহম্মদ খানকে সরিয়ে এনে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র সরকার। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে পাঠানো হয়েছে কেরলে।








