
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল মজুমদার। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ।
জানা গিয়েছে, স্পেনে গবেষণা করছেন তিনি। সেখান থেকে বুধবার দিল্লি হয়ে কলকাতায় ফিরতেন। লুক আউট নোটিসের ভিত্তিতে দিল্লিতেই তাঁকে ধরে অভিবাসন দফতর। তারা দিল্লি পুলিশের হাতে তুলে দেয় সঙ্গে সঙ্গেই এবং গোটা ঘটনা জানানো হয় কলকাতা পুলিশকে। ইতিমধ্যেই যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল দিল্লিতে পৌঁছে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।
পুলিশের অভিযোগ, ১ মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিন্দোল। অন্যদিকে ছাত্রদের দাবি ছিল, শিক্ষামন্ত্রীর গাড়ি প্রথমে এক ছাত্রকে ধাক্কা দেয়, এরপরই উত্তেজনা ছড়ায়।







