
প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বছরই তাঁকে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। গত কয়েকমাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে ঘনঘন হাসপাতালে ভর্তি করানো হচ্ছিল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক জীবনের অনেকটা সময় কংগ্রেসে কাটালেও শেষদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের রাজনৈতিক মহল। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশ্বের মানচিত্রে সিলিকন ভ্যালি হিসাবে বেঙ্গালুরুর নাম উঠে এসেছে। তাঁর হাত ধরেই বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছে বেঙ্গালুরু। ১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২৮ মে পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এসএম কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় দেশের বিদেশমন্ত্রী ছিলেন। ২০০৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৫ মার্চ পর্যন্ত তিনি মহারাষ্ট্রের রাজাপাল হিসেবেও কাজ করেছেন।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
