
এনসিপি থেকে পদত্যাগ করার দুদিনের মধ্যে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন পুনের মেয়র প্রশান্ত জগতাপ। সূত্রের খবর, ঠাকরে ব্রাদার্সের পর এবার আসন্ন পুরভোটে ভাইপো অজিত পাওয়ার ও কাকা শরদ পাওয়ার সমঝোতার পথে।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক অজিত পাওয়ারের সঙ্গে হাত মেলানোর প্রতিবাদে এনসিপি (শরদ পাওয়ার) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। ২০২৩ সালের ২ জুলাই এনসিপিতে বিদ্রোহ ঘটিয়ে শরদ পাওয়ারের অমতেই বিজেপির হাত ধরেন অজিত পাওয়ার।
মহারাষ্ট্রে একনাথ শিন্দের শিবসেনা এবং বিজেপির জোট সরকারের শরিক হয়ে উপমুখ্যমন্ত্রী হন তিনি। অজিতের বিদ্রোহের পরে বদলে গিয়েছিল এনসিপির অন্দরের সমীকরণ। পুরভোটে দেবেন্দ্র ফডণবীসের বিজেপি আলাদা লড়ার ঘোষণা করার পরেই আনুষ্ঠানিক ভাবে আসন সমঝোতা করেছে দুই এনসিপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে , পরপর প্রত্যাবর্তনের জেরে বদলাতে পারে মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনীতি।







