
বাংলাদেশে নারায়ণগঞ্জ আদালত চত্বরে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ঢাকার কাছে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটেছে।অভিযোগ, রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেছেন আইনজীবীরা।
তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকের মাথার হেলমেটের ওপর চড়-থাপ্পড় দিতে থাকেন। একটা সময়ে পুলিশ, আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার আগে আইনজীবীরাসহ বিক্ষুব্ধ জনতা প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে।তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেছেন,শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল।কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি। এদিকে,আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেছেন, ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের জামাইবাবু সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।






