নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার প্রাক্তন এনএসজি কমান্ডো

0
175
ছবি সৌজন্যে : এক্স
২৬/১১ মুম্বই হামলার সময় দেশের জন্য লড়েছিলেন, তার কাছেই মিলেছে ২০০ কেজি গাঁজা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর কম্যান্ডো এখন গাঁজা পাচারের কুখ্যাত চক্রের কিংপিন। সম্প্রতি রাজস্থানের চুরু জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বজরং সিং-কে।
এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন গাঁজনেয়, জানিয়েছে রাজস্থান পুলিশ। তেলেঙ্গানা ও ওড়িশা থেকে গাঁজা এনে রাজস্থানে পাচার করছিলেন বজরং। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ কেজি গাঁজা। ইন্সপেক্টর জেনারেল বিকাশ কুমার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজে যুক্ত থাকার কারণে পুলিশের নজরে ছিলেন তিনি। এমনকি তাঁর নামে ২৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। রাজস্থানের সিকার জেলার বাসিন্দা বজরং সিং দশম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেন। লম্বা চওড়া চেহারা আর ফিটনেসের জোরে প্রথমে যোগ দেন বিএসএফ-এ।
পাঞ্জাব, অসম, রাজস্থান, ওড়িশা, পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করেন। পরে তাঁর দক্ষতার জন্য নির্বাচিত হয়েছিলেন এনএসজি-তে। সাত বছর কম্যান্ডো হিসেবে কাজ করার সময় অংশ নিয়েছিলেন ২০০৮ সালের ২৬/১১ মুম্বইয়ে জঙ্গি দমন অভিযানে। কিন্তু ২০২১ সালে গ্রামে ফিরে রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই গাঁজা পাচারের দুনিয়ায় প্রবেশ।