আমেরিকায় গির্জায় প্রাক্তন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

0
153
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার মিশিগানের এক গির্জায় গুলি চালানোর ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। অভিযুক্ত হামলাকারী মৃত টমাস জ্যাকব স্যানফোর্ড ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ইউএস মেরিন-এ যুক্ত ছিলেন এবং ইরাক যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন।
পুলিশ অবশ্য প্রাথমিক অবস্থায় ২ জনের মৃতদেহ উদ্ধার করেছিল। পরে চার্চের ভিতরে আরও দু’জনের মরদেহের সন্ধান মিলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্র্যান্ড ব্ল্যাংক শহরের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, হামলা ঘটার ৩০ সেকেন্ডের মধ্যে ওই গির্জার চত্বরে ছুটে যান দু’জন পুলিশ কর্মকর্তা এবং তাদের গুলিতে চার্চের পার্কিং লটের কাছে নিহত হয়েছে স্যানফোর্ড। ঠিক কী কারণে স্যানফোর্ড এই হামলা করেছে, তা এখনও জানা যায়নি। হত্যার মোটিভ জানতে তার বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেনি। উল্লেখ্য, এই হামলার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে একটি পানশালায় এমন একটি বন্দুক হামলা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।