রঞ্জিতে বিরাট, খেলবেন আয়ুষের অধিনায়কত্বে

0
172
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলতে নামবেন বিরাট কোহলি। তবে তিনি খেলবেন দিল্লির হয়ে।

 

১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলতে নামছেন বিরাট কোহলি। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক দিল্লিকে নেতৃত্ব দিতে রাজি নন।তাই ৩৬ বছরের কোহলি খেলবেন ১১ বছরের ছোট আয়ুষ বদোনীর অধিনায়কত্বে।এর আগে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি খেলার নির্দেশ দেন। রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিলদের গত ম্যাচে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু চোটের কারণে কোহলি খেলতে পারেননি। এখন তাঁর চোট সেরে গিয়েছে। ৩০ জানুয়ারি দিল্লি বনাম রেলওয়েজ় ম্যাচে খেলবেন তিনি। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে কোহলিকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে।রঞ্জিতে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন বদোনী। কোহলি খেললেও অধিনায়কত্ব করবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার।কোহলিকে পেলেও দিল্লির হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না পন্থকে। মুম্বইয়ের হয়ে খেলবেন না রোহিত, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ারও। তাঁরা সকলেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলার প্রস্তুতি নেবেন। তবে কোহলি এবং লোকেশ রাহুল রঞ্জি খেলবেন। তাঁরা আগের ম্যাচটি খেলেননি।

 

সেই কারণেই কোহলি দিল্লির হয়ে এবং রাহুল কর্নাটকের হয়ে খেলতে নামবেন।উল্লেখ্য কোহলি শেষ বার দিল্লির হয়ে খেলেছিলেন ২০১২ সালে।