
পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও আমেরিকায় আইফোনে ফিরে এসেছে জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটার গেইম ফোর্টনাইট। এ ব্যাটল রয়্যাল গেইমটি এখন আমেরিকা থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এটি অ্যাপল ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের মধ্যে বর্তমান দ্বন্দ্বের শেষ ধাপ।এপিক গেমস তাদের অ্যাপে নিজের পেমেন্ট সিস্টেম চালু করার কারণে ২০২০ সালে ফোর্টনাইট’কে আইফোনের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপল।
ওই সময় অ্যাপল বলেছিল, এপিক গেমসের এমন পদক্ষেপ তাদের অ্যাপ স্টোরের নিয়মের বিরুদ্ধে গিয়েছে, তাই নিজেদের অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে ফেলেছে তারা। এর পরের কয়েক বছর ফোর্টনাইট আমেরিকার অ্যাপ স্টোরে ফিরে আসেনি এবং আইফোনেও ব্যবহার করা যায়নি।তবে এ সময়ের মধ্যে অ্যাপল ও এপিকের মধ্যে চলেছে আইনি লড়াই।যার ফলে আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় ও নিয়মের পরিবর্তন হয়েছে।অভিযোগ,অ্যাপ স্টোরের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ রয়েছে অ্যাপলের,যা আইফোনে অ্যাপ ডাউনলোডের একমাত্র উপায়।
এই নিয়ন্ত্রণ ব্যবহার করে অ্যাপল নিজের লাভ বাড়িয়েছে। তবে এতে ইউজার ও অ্যাপ ডেভেলপারদের ক্ষতি হয়েছে বলে দাবি এপিক গেমসের।অ্যাপল বলছে, অ্যাপ স্টোর ও আইফোনের মাধ্যমে হওয়া পেমেন্টের ওপর তাদের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। যদি এই নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তাহলে ইউজাররা কম নিরাপদ থাকবেন।
