
তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপর্যয়ের ১৬ দিনের মাথায় এক জনের দেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। সুড়ঙ্গের মধ্যে একটি যন্ত্রের মধ্যে আটকে রয়েছে দেহটি। বাকি সাত জনের দেহ এখনও নিখোঁজ। তাঁরা কী অবস্থায় রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কি না, কিছুই জানা যায়নি। সময় যত এগোচ্ছে, তত তাঁদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হচ্ছে। ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে।
সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। সেই থেকে শুরু হয় উদ্ধার অভিযান। সুড়ঙ্গে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ করতে গত শুক্রবার থেকে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। উদ্ধার অভিযানে ব্যবহার হয় বিশেষ এক ধরনের রোবটও।
শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা সুড়ঙ্গের যে অংশে আটকে পড়েন, তার অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে কাদাজলের কারণে। উদ্ধারকারী দল সুড়ঙ্গ থেকে জল বার করার কিছু ক্ষণের মধ্যেই ওই অংশটি আবার জলে ভরে যাচ্ছে।




