
হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনেও বিস্তর গরমিলের হদিশ পাওয়ায় বিতর্কিত ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে ইডি।
দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের রাডারে হরিয়ানার সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে আগেই সাসপেন্ড করেছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। প্রথমটি প্রতারণা এবং দ্বিতীয়টি জালিয়াতির অভিযোগে। জালিয়াতির অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার সকালেই সংস্থার দিল্লির অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একইসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ২৫টি জায়গাতেও একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।
আল ফালাহ-র প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বহু প্রশ্নের উত্তর না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।





