
ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় ২০২৬ সালের ইউরোভিশন গানের কনটেস্ট বয়কটের ঘোষণা করেছে চার দেশ। এগুলো হলো,আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া।
গাজা যুদ্ধ ও ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশগুলো। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের ,ইবিইউ, জেনেভা বৈঠকে নতুন বিধিনিষেধ নিয়ে ভোট হয়। তবে সদস্যদের অধিকাংশ মত দেন,ইসরায়েলকে বাদ দেওয়া নিয়ে আর কোনও ভোটের প্রয়োজন নেই, তাই ইউরোভিশন ২০২৬ পরিকল্পনা অনুযায়ীই চলবে।
স্পেনের ব্রডকাস্টার আরটিভিই, যারা ইসরায়েলবিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল, জানায়,এই সিদ্ধান্ত উৎসবের আয়োজনে তাদের অবিশ্বাস বাড়িয়েছে। আয়ারল্যান্ডের আরটিই জানায়, গাজার মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জন্য অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য।
