
প্রধান বিচারপতিকে বাদ রেখে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা ৩৩। তা বাড়িয়ে ৩৭ করতে চায় কেন্দ্রীয় সরকার। এতে সম্প্রতিই সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এ বার মন্ত্রিসভার সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ফলে শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে ধরে মোট বিচারপতির সংখ্যা হতে চলেছে ৩৮। সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলও পেশ করবে কেন্দ্র। বিলটির নাম সুপ্রিম কোর্ট সংশোধনী বিল, ২০২৬।
কিন্তু তার আগেই বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি করতে চেয়ে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র। রাষ্ট্রপতি তাতেই অনুমোদন দিয়েছেন। রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭, প্রধান বিচারপতি ছাড়া করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী অধ্যাদেশ জারির মাধ্যমে করা হয়েছে। বিপুল পরিমাণে মামলার চাপ সামাল দিতেই শীর্ষ আদালতে বিচারপতিদের সংখ্যাবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।







