
দীর্ঘ ১২ দিনের ভ্রমণ শেষে অলিম্পিক মশাল পৌঁছেছে আয়োজক দেশ ফ্রান্সে। গ্রীস থেকে উনিশ শতকের ঐতিহ্যবাহী জাহাজ বেলেমে করে এসেছে মশালটি।
জাহাজ থেকে অলিম্পিকের মশালটি প্রথমে নিয়ে আসেন ২০১২ সালে অলিম্পিক সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে চ্যাম্পিয়ন ফ্লোরেন্ট মানাউদৌ। এরপর তিনি তা তুলে দেন ২০১৬ রিও গেমসে ৪০০ মিটারে সোনাজয়ী প্যারালিম্পিক অ্যাথলিট নান্তেইন কেইতার হাতে। নান্তেইন কেইতার হাত থেকে অলিম্পিক ফ্লেম যায় জনপ্রিয় র্যাপার জুলের হাতে। আর এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন দেড়লাখ মানুষ। বালেমকে স্বাগত জানিয়ে মার্সেইয়ের ওল্ড পোর্টে নিয়ে আসতে পাঠানো হয়েছিল সুসজ্জিত প্লেজার বোট। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের উদ্বোধন। তার আগে মার্সেই শহর থেকে রিলে শুরু হবে। ফ্রান্সের বিভিন্ন জায়গা পরিক্রমার পর অলিম্পিকের উদ্বোধনের আগে তা পৌঁছবে প্যারিসে। অলিম্পিক্সের উদ্বোধনে তাক লাগানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।ফ্রান্সের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সফলভাবে অলিম্পিক্স আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।তিনি বলেছেন, অলিম্পিক গেমস এবার ফরাসি নাগরিকদের জীবনের অংশ হয়ে গিয়েছে।
