
ফ্রান্সে পত্রিকার শেষ হকার আলি আকবর’কে জাতীয় সম্মাননা দেওয়া হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে অর্ডার অব মেরিট সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা।
৫০ বছরের বেশি সময় ধরে প্যারিসের রাস্তায় পত্রিকা হাতে করে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন আলি আকবর। ১৯৭০-এর দশকের শেষ দিকে আলি আকবর ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। প্রথমে নেদারল্যান্ডসে কাজ করার পর ১৯৭২ সালে ফ্রান্সের প্যারিসে এসে স্থায়ী হন। পত্রিকার হকারি কাজ শুরু করেন ১৯৭৩ সালে। প্যারিসে একসময় ৩৫ থেকে ৪০ জন পত্রিকার হকার ছিলেন, কিন্তু এখন আর কেউ নেই, শুধুমাত্র আলি আকবর একাই এ পেশা চালিয়ে যাচ্ছেন।
আলি আকবর প্রতিদিন প্যারিসের রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করেন। একসময় সন্ধ্যায় মুদ্রিত পত্রিকা ৮০ কপি বিক্রি হতো, আর এখন মাত্র ৩০ কপি বিক্রি হয়। ডিজিটাল যুগে পত্রিকার জনপ্রিয়তা কমে যাওয়ায় পেশাটিও হারিয়ে যাচ্ছে। তবু তিনি পেশায় সন্তুষ্ট ও স্বাধীন।









