হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ফ্রান্স

0
86
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি এক ভাষণে এই ঘোষণা করেছেন। ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মিরেকোর্টে এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ বলেছেন, ইতোমধ্যে জুনিয়র স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

শিগগিরই হাইস্কুলেও মোবাইল ফোন নিষিদ্ধ করা হবে। এ ব্যাপারে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।আগামী বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে। শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফরে বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন।কেন ফ্রান্সের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে, ভাষণে তারও ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি বলেছেন,হাইস্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার পাশাপাশি সামাজিক মেলামেশার ধারণা অর্জন করে। ফ্রান্সের হাইস্কুলগুলোতে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম ও শিক্ষা সংক্রান্ত শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াও জরুরি।প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ ব্যবহারের জেরে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। অনলাইনে সাইবার বুলিং এবং যৌন হয়রানির শিকার হচ্ছে অনেক স্কুল পড়ুয়া কিশোর-কিশোরী।

এছাড়া এই সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন দেশে একাকিত্বসহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী। অস্ট্রেলিয়া ইতিমধ্যে আইন জারি করে ১৬ বছরের কম বয়েসী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে। মালয়েশিয়াও আগামী ১ জানুয়ারি থেকে ১৬ বছরের চেয়ে কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে।