
বিশ্বকাপের মূল মঞ্চে দারুন শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে ফরাসিরা।
লিঁলের ডেক্যাথলন অ্যারেনায় ফ্রান্সের জয় ৩-১ ব্যবধানে। ঘরের মাঠে কোচ হিসেবে দিদিয়ের দেঁশমের শেষ ম্যাচটি জয়ে রাঙাল তাঁর প্লেয়াররা। এর আগে আইভরি কোস্টের সঙ্গে ১-২ গোলে হারের ধাক্কা সামলে এই জয়ে স্বস্তিতে ফিরল ফরাসি শিবির।ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের তারকাখচিত আক্রমণভাগকে বোতলবন্দী করে রাখে উত্তর আয়ারল্যান্ড। তবে ম্যাচের ৪৩ মিনিটে ডেডলক ভাঙেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার ওলিসে। উসমান দেম্বেলের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ওলিসের পায়ে চলে আসে, সেখান থেকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।বিরতির পর চার মিনিট পর বক্সের কোনা থেকে চোখধাঁধানো শটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ওলিসে। ৬৪ মিনিটে প্যাট্রিক কেলির দারুণ গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে উত্তর আয়ারল্যান্ড।৭৫ মিনিটে ২০ গজ দূর থেকে বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।ওলিসের হ্যাটট্রিকের রাতে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের সঙ্গী ছিল কেবলই আক্ষেপ। অলিভিয়ের জিরুকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি গোল। কিন্তু ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়ার পাশাপাশি তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।টানা ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা দিদিয়ের দেঁশমের জন্য এটি ছিল ঘরের মাঠে শেষ ম্যাচ।
ম্যাচ শুরুর আগে আতশবাজি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ও পুরো দলকে বিদায় জানায় ফরাসি সমর্থকরা। দেঁশমের এখন একমাত্র লক্ষ্য কোচ হিসেবে নিজের দ্বিতীয় বিশ্বকাপ।
