অবরুদ্ধ হরমুজেও অবাধে যাতায়াত ভারতীয় জাহাজের

0
32
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না। এমনি খবর বিদেশ মন্ত্রক সূত্রে। ওই সূত্রের দাবি, ইরানের অবরোধ এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ওই জলপথ দিয়ে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজের যাতায়াত অব্যাহত রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল এবং আমেরিকা। প্রত্যাঘাত করেছিল ইরানও। সেই সঙ্গে তেহরান জানিয়ে দিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে তারা কোনও বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেবে না। ইরানের হুঁশিয়ারির পর ওই প্রণালীর দুই প্রান্তে দাঁড়িয়ে পড়েছিল শতাধিক জাহাজ। ভারতেরও প্রায় দু’ডজন তেল এবং গ্যাসবাহী জাহাজ ছিল সেই তালিকায়। এর পরেই কূটনৈতিক তৎপরতা শুরু হয় নয়াদিল্লির তরফে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে হরমুজ দিয়ে পণ্যবাহী ভারতীয় জাহাজ চলাচলের ছাড়পত্র দিয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সরকার। এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃহত্তর অর্থনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করেছে।
যার প্রত্যক্ষ ও নেতিবাচক প্রভাব পড়েছে ভারতেও। কিন্তু এখনও ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে বাধা না দেওয়ায় তুলনামূলক স্বস্তিতে রয়েছে নয়াদিল্লি।