
ডিম খেয়ে নেওয়া নিয়ে বচসায় লাঠিপেটা করে এক বন্ধুকে খুন করলেন আরেক বন্ধু। হুগলির গোঘাটে ঘটনার জেরে শোরগোল পড়েছে।
জানা গিয়েছে গোঘাটের কামারপুকুরের লাহাবাজারে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষ্যে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। ৩টে ডিম খাওয়া নিয়ে বছর ২৬-র রামচন্দ্র ঘোষালের সঙ্গে তাঁরই বন্ধু রাজু মাইতির ঝামেলা বাধে। যেখানে ঘটনাটি ঘটেছে তার খানিক দরেই পুলিশ ফাঁড়ি। অভিযোগ অন্যদের জন্য রাখা তিনটে ডিম খেয়ে নেন রামচন্দ্র। তা নিয়ে বচসা বাঁধে বন্ধুদের সঙ্গে। প্রথমে বিষয়টি মিটে গেলেও খাওয়াদাওয়ার পর বাড়ি ফেরার পথে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ বচসার সময় রাজু মাইতি শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তির ক্রাচ ছিনিয়ে রামচন্দ্রের ঘাড়ে আঘাত করেন। তারপর তাঁকে মারতে মারতে টেনে নিয়ে যাওয়া হয় কামারপুকুরের শ্রীধাম প্রতীক্ষালয়ে। সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখাযায় রামচন্দ্রকে।
স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর রাজু মাইতিকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।








