
বন্ধু দেশগুলির জন্য হরমুজ প্রণালী খোলা রেখেছে ইরান। এবং সেই বন্ধু দেশের তালিকায় রয়েছে ভারত। আছে পাকিস্তানও। বুধবার বেশি রাতের দিকে এক বিবৃতি তা স্পষ্ট করে দিয়েছে ইরান।
ভারত, পাকিস্তান-সহ মোট পাঁচটি বন্ধুরাষ্ট্রের নামও প্রকাশ্যে এনেছে তেহরান। ইরান আগেই বলেছিল, তাদের সঙ্গে শত্রুতা নেই, এমন দেশের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজি তেহরান। তবে কোন কোন দেশ সেই তালিকায় রয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট ছিল না।
বুধবার দুপুরেই খবর ছড়ায়, পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ পার হওয়ার সময়ে বাধার মুখে পড়েছে। ঘটনাচক্রে, আমেরিকা এবং ইরানের সংঘর্ষ থামানোর জন্য বর্তমানে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এ অবস্থায় বুধবার বেশি রাতের দিকে ইরান জানিয়ে দিল, তাঁদের ঘোষিত পাঁচ বন্ধুরাষ্ট্রের নাম। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধুদেশগুলিকে হরমুজ় প্রণালী ব্যবহার করার অনুমতি দিচ্ছে তেহরান।









