
পড়ুয়াদের উপর চাপ ২০২৬-‘২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে কার্যকর হবে এই নিয়ম। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীরই নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্র।
সেখানেই এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে। এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই। যেখানে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিএসই-র পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি লেখেন, সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি হচ্ছে।
