
তোলাবাজি, হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নারকেলডাঙার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে বাড়ির কাচ। এদিকে সরকারি ত্রাণের ত্রিপল নিজের বাড়িতে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর। এলাকার গরিব মানুষদের বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে যত ত্রিপল দেওয়া হয়েছিল তার বেশিরভাগই ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বাড়িতে ছিল। মঙ্গলবার কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণের সমস্ত জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে শুধু ত্রিপল নয়, অবৈধ বালির কারবার, তোলাবাজি এবং গরিব মানুষের আবাস প্রকল্পের সাহায্য দেওয়ার নাম করে অর্থ আদায়ের মত একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তরপাড়ার শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিংহ নামে দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ২ ঘণ্টা তল্লাশি চালিয়ে তৃণমূল নেতা লক্ষ্মণ অধিকারীর ঘরের খাটের নিচ থেকে সরকারি শাড়ি, জামাকাপড় উদ্ধার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পাশাপাশি বাড়ির পিছনে রাখা বর্জ্য বহনের জন্য একটি টোটো গাড়িও উদ্ধার করেছে পুলিশ।
