জ্বালানি : বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
45
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিদেশ থেকে ফিরে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে চার ঘণ্টার দীর্ঘ ম্যারাথন বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, সেখানে স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল জ্বালানি সংকট এবং তার মোকাবিলার উপায়। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তাঁর সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, আর প্রথাগত জ্বালানির ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, অত্যন্ত জরুরি ভিত্তিতে ও যুদ্ধকালীন তৎপরতায় দেশে বিকল্প শক্তির উৎসের সন্ধান ও প্রসার বাড়াতে হবে।

জানা গেছে,মন্ত্রিসভার রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী মোদী রান্নার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে এবং এর উপযুক্ত বিকল্প হিসেবে বায়োগ্যাস-এর ব্যবহার ব্যাপকভাবে বাড়ানোর ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে আরব দুনিয়ায় সংকটের মেঘ যে কতখানি গভীর, তা প্রধানমন্ত্রীর পরবর্তী বার্তা থেকেই স্পষ্ট। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে জোরালো আবেদন জানিয়েছেন, তাঁরা যেন এই কঠিন সময়ে জ্বালানি সাশ্রয় করতে যতটা সম্ভব বৈদ্যুতিক যান এবং গণপরিবহণ বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন।

এই চার ঘণ্টার দীর্ঘ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী তাঁর মন্ত্রীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সামগ্রিক সংস্কারের কাজকে আরও জোরালো এবং গতিশীল করতে হবে।অন্যদিকে তিনি মনে করিয়ে দিয়েছেন, বিকশিত ভারত ২০৪৭ কেবল মাত্র দেওয়ার জন্য কোনও রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা দেশের প্রতি এই সরকারের একটি পরম দায়বদ্ধতা। একই সঙ্গে সরকারি কাজকর্মে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সম্পূর্ণ সরলতা আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাতে সমস্ত মন্ত্রকের কাজের মূল অগ্রাধিকার হয় শুধুই, জনস্বার্থ।