
বিবেচনাধীন ৬০ লাখ ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৬ লাখের নিষ্পত্তি হয়েছে। এমনটাই কমিশন সূত্রে খবর।
এত বিপুল সংখ্যক নথি চেক করার জন্য আরও ২০০ জন বিচারক আসছেন ওড়িশা, ঝাড়খণ্ড থেকে। এঁরা দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে এসআইআর-র কাজ করবেন। এরইমধ্যে রবিবার রাতেই কলকাতায় আসছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশি ফুল বেঞ্চে থাকছেন। সোমবার এবং মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েচে। দফায় দফায় বৈঠক হবে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে। এসআইআর-র কাজ এখনও চলছে। তারমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী কলকাতা সহ জেলায় জেলায় রুটমার্চ শুরু করেছে। কমিশন সূত্রে খবর রবিবার রাতে কলকাতায় পৌঁছনোর পর সোমবার সকাল থেকে ২ ঘণ্টা রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরপর ফুলবেঞ্চের সামনে বক্তব্য রাখবেন সিইও মনোজ আগরওয়াল। ওই দিনই দুপুরে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা বিষয়ক অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। থাকবেন ২৪টি সংস্থার প্রধান। এছাড়াও ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে। মঙ্গলবারও কমিশনের ফুল.. বেঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে এবং প্রশাসনের অন্যান্য সিনিয়র অফিসাররা বৈঠকে অংশ নেবেন। এরপর বুথস্তরের আধিকারিক বা বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। সবশেষে হবে সাংবাদিক বৈঠক।
এরপর মঙ্গলবার বিকেলে দিল্লি ফিরে যাবেন জ্ঞানেশ কুমাররা। এরপরেই সম্ভবত ভোেট ঘোষণা করতে পারে কমিশন।
