
ভবিষ্যত যুদ্ধ নয়, ভগবান বুদ্ধের মধ্যে রয়েছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশার ভুবনেশ্বরে বৃহস্পতিবার ১৮ তম প্রবাসী ভারতীয় দিবসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই উপলক্ষে একটি বিশেষ ট্রেনের উদ্বোধন করেছেন তিনি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময় যখন অস্ত্রের জোরে সাম্রাজ্য তৈরি হয়েছিল, সম্রাট অশোক তখন ওড়িশায় শান্তির পথ বেছে নিয়েছিলেন। সেই উত্তরাধিকারইএখন ভারতকে যুদ্ধে নয়, ভগবান বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এগিয়ে চলার বার্তা দিচ্ছে।প্রধানমন্ত্রীর কথায়, ভারত এবং প্রবাসীদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করতে প্রবাসী ভারতীয় দিবস একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই প্রয়াগরাজে শুরু হবে মহাকুম্ভ। মকর সংক্রান্তি, বিহু, পোঙ্গল উৎসবও আসছে।দেশের সব প্রান্তেই আনন্দের পরিবেশ। ১৯১৫ সালের এই দিনেই মহাত্মা গান্ধী দীর্ঘদিন বিদেশে থাকার পর ভারতে ফিরে এসেছিলেন। এমন একটি চমৎকার সময়ে ভারতে প্রবাসীদের উপস্থিতি উৎসবের চেতনা বাড়িয়ে তুলছে।
প্রধানমন্ত্রীর কথায়, ভারত দক্ষ যুবকদের দেশ। বিদেশে যাওয়া ভারতীয় যুবকদের মধ্যে এমন দক্ষতা রয়েছে যা তাদের বিশ্বব্যাপী আলাদা করে তুলেছে। সেই দিন আর বেশি দূরে নয় যখন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
