
তাঁকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিরোধী দলের এক নেতার তরফে এমনই প্রস্তাব এসেছিল বলে দাবি করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী।
তবে কোন নেতা, কখন তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন, সে প্রসঙ্গ অবশ্য এড়িয়েই গিয়েছেন তিনি।এক সাক্ষাৎকারে নিতিন গডকড়ী বলেছেন , তিনি কারও নাম করতে চান না। তবে বিরোধী দলের যে নেতা তাঁকে সেই প্রস্তাব দিয়েছিলেন, তাঁকে প্রশ্ন করেছিলেন।তাঁকে কেন প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব দিচ্ছেন, কেন সমর্থন করতে চাইছেন।আর কেনই বা তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন।তবে তাঁর মধ্যে যে প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই, কস্মিনকালেও ছিল না, এ কথা সাফ জানিয়েছেন নিতিন গডকড়ী।কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তাঁর এই চিন্তাভাবনার কথা ওই নেতাকে জানিয়ে তাঁর প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছেন।প্রধানমন্ত্রী হওয়া তার জীবনের লক্ষ্য নয়।তিনি তার সংগঠনের একজন অনুগত সৈনিক এবং সংগঠনের প্রতি দায়বদ্ধ। কোনও পদের জন্য সংগঠনের প্রতি নিজের দায়বদ্ধতার সঙ্গে সমঝোতা করতে পারবেন না।
