
টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্রীষ্মকালীন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২০২৫ শেষ হলো। প্রত্যাশামত কোম্পানিটি তাদের পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি জেড ফোল্ড স্মার্টফোন লঞ্চ করেছে, সঙ্গে এসেছে তিনটি নতুন স্মার্টওয়াচ মডেল।স্যামসাং অবশেষে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ লঞ্চ করেছে, যা আগের মডেলের তুলনায় পাতলা ও হালকা।
এটি খোলা অবস্থায় মাত্র চার দশমিক দু’ মিমি পুরু এবং ভাঁজ বন্ধ অবস্থায় আট দশমিক ন’ মিমি পুরু, যা এখন পর্যন্ত ফোল্ড ডিজাইনের সবচেয়ে কম্প্যাক্ট ডিজাইন।নতুন মডেলটির বাইরে রয়েছে ছ’ দশমিক পাঁচ ইঞ্চির ডিসপ্লে এবং ভেতরে রয়েছে আট ইঞ্চির ডিসপ্লে, যা আগের মডেলের চেয়ে বড়। ফোল্ড ৭ এ আরও কিছু আপগ্রেড অ্যাড হয়েছে। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং সর্বোচ্চ ১৬ গিগাবাইট র্যাম।যদিও স্টোরেজ এখনও এক টেরাবাইটই থাকছে, তবে স্যামসাং রিয়ার ক্যামেরা সেটআপে কিছু উন্নতি এনেছে। এবার অ্যাড হয়েছে ২০০ মেগাপিক্সেলের উন্নত ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর, যার সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। তবে আগের জেনারেশনগুলোর মতো এবার ফোল্ড ৭-এ ,এস পেন সাপোর্ট নেই। অন্যদিকে,স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এ এবার অ্যাড হয়েছে আরও বড় চার দশমিক এক ইঞ্চির স্ক্রিন যার মধ্যে দু’টি পাঞ্চহোল ক্যামেরা বসিয়েছে কোম্পানিটি। শুধু বাইরের স্ক্রিনই নয় বড় হয়েছে ভেতরের স্ক্রিনও, আগে ফ্লিপ ৬ এ যেখানে ছ’ দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে ছিল সেখানে এবার এটি ছ’ দশমিক নয় ইঞ্চিতে দাঁড়িয়েছে।ফোল্ড ৭ এর মতোই, ক্ল্যামশেল স্টাইলের এই ফোনটি আগের চেয়ে পাতলা।
আনফোল্ড অবস্থায় এর পুরুত্ব মাত্র ছ’ দশমিক পাঁচ মিলিমিটার। ফ্লিপ ৭-এ আছে স্যামসাংয়ের এক্সিনোস ২৫০০ প্রসেসর, রয়েছে ১২ গিগাবাইট র্যাম এবং সর্বোচ্চ ৫১২ গিগাবাইট স্টোরেজ। সেইসঙ্গে থাকছে ৪৩০০ এমএইচ ব্যাটারি। পাশাপাশি,ফোনটির ক্যামেরা সেটআপে আগের মতোই ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।




