
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ওই ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। শুক্রবার রাতে ওই তরুণী তারই ক্লাসমেটের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন।
অভিযোগ ফেরার পথে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। এরপর টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়। মেরে ফেলার হুমকি দিলে তরুণীর সঙ্গে থাকা ওই যুবক ওখান থেকে পালিয়ে যায়। পরে অবশ্য ওই যুবকই তরুণীকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যদিও ওই যুবকের দাবি খতিয়ে দেখার জন্য তাঁকে আটক করে জেরা করছে পুলিশ।
ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেছেন তদন্ত চলছে, পুলিশের কাছে নতুন তথ্য এলে জানানো হবে। অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে শনিবার সকালেই ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন নির্যাতিতার বাবা-মা এবং পরিবারের সদস্যরা। নির্যাতিতাতর বাবা জানিয়েছেন তাঁর মেয়ে এখানে নিরাপদ নন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন।
