কাশীতে গঙ্গার ভয়াবহ রূপ, বন্যা পরিস্থিতি জারি

0
133
ছবি সৌজন্যে : এক্স
উত্তরপ্রদেশে গঙ্গা এখনও শান্ত হয়নি। শুক্রবারও বারাণসী জেলায় গঙ্গা বিপদসীমার ওপর দিয়ে বইছে, এমনটাই জানিয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলিতে সকাল থেকে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
লখনউয়ের কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গা বিপদ সীমার শূন্য দশমিক তিন মিটার ওপরে বইছে। বারাণসী লাগোয়া গাজিপুর জেলাতেও গঙ্গার রুদ্ররূপ দেখা যাচ্ছে। ওখানে নদীর জল ১ দশমিক ৪ মিটার ওপরে বইছে।
কয়েকশো গ্রামে বন্যার জল ইতিমধ্যে প্রবেশ করেছে। নষ্ট হয়েছে চাষের জমির ফসলও। প্রশাসন বালিয়ায় জারি করেছে সতর্কতা। তবে গঙ্গার পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়েছে প্রয়াগরাজ ও মির্জাপুর জেলায়। প্রয়াগরাজে গঙ্গ বিপদসীমার ১ দশমিক ৩ মিটার এবং মির্জাপুরে শূন্য দশমিক চার মিটার নিচে বইছে।